Search
Close this search box.

গভীর রাত পর্যন্ত গুলশান কার্যালয়ে প্রধানমন্ত্রীর অফিশিয়াল কাজ: নারী প্রার্থীদের সাক্ষাৎকার সম্পন্ন

অহনা

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে গভীর রাত পর্যন্ত গুরুত্বপূর্ণ অফিশিয়াল ও দলীয় কাজ সম্পন্ন করেছেন। শনিবার দিবাগত রাত ৩টা পর্যন্ত তিনি কার্যালয়ে অবস্থান করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণসহ বিভিন্ন নীতি-নির্ধারণী কার্যক্রম পরিচালনা করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, শনিবার বিকেল থেকে গুলশান কার্যালয়ে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম জমা দেওয়া প্রার্থীদের সাক্ষাৎকার শুরু হয়।

ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 যোগ্য, ত্যাগী ও রাজপথের সক্রিয় নারী নেত্রীদের মূল্যায়ন করে চূড়ান্ত মনোনয়ন নিশ্চিত করতেই এই ম্যারাথন সাক্ষাৎকার প্রক্রিয়া চলে গভীর রাত পর্যন্ত।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এই কর্মব্যস্ততার বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন:

 মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এ জেড এম জাহিদ হোসেন ও সেলিমা রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

একই সময় দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের প্রমাণ দিয়েছে বিএনপি। ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রাবাসে অভ্যন্তরীণ সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, ক্ষমতার অপব্যবহার বা শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ সহ্য করা হবে না।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ