Search
Close this search box.

বড়লেখায় ডাকাতির চেষ্টাকালে নিজ দলের গুলিতে ডাকাত নিহত

অহনা

ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখায় এক যুক্তরাষ্ট্রপ্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাতের ছোড়া গুলিতে দলেরই এক সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল, ২০২৬) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দাসের বাজার ইউনিয়নের লঘাটি গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, লঘাটি গ্রামের যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে তাঁর আত্মীয় গিয়াস উদ্দিন পরিবার নিয়ে বসবাস করেন।

 গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়।দরজা ভাঙার শব্দ পেয়ে গিয়াস উদ্দিন ও তাঁর পরিবারের সদস্যরা জেগে ওঠেন। গিয়াস উদ্দিন ভেতর থেকে জানালার গ্রিল শক্ত করে ধরে রাখেন এবং পরিবারের অন্য সদস্যরা চিৎকার শুরু করেন।

পরিবারের সদস্যদের চিৎকারে পরিস্থিতি বেগতিক দেখে এক ডাকাত গিয়াস উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

ডাকাতের ছোড়া সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকা তাঁদেরই দলের আরেক সদস্যের মাথায় লাগে। মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ওই ডাকাত সদস্যের মৃত্যু হয়। এ সময় সঙ্গীকে ফেলে রেখে অন্য ডাকাতরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল, ২০২৬) সকালে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, নিহতের পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে।লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ