রোববার (২৬ এপ্রিল) দেওয়া এক আনুষ্ঠানিক বার্তায় পূজা চেরি জানান, বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগ কিংবা তার আর্থিক লেনদেনের সঙ্গে তার ব্যক্তিগত কোনো সম্পৃক্ততা নেই। তিনি স্পষ্ট করে বলেন, দীর্ঘদিন ধরে নিজ প্রচেষ্টায় ক্যারিয়ার গড়ে তুলেছেন এবং নিজের জীবনযাপনের ব্যয় নিজেই বহন করে আসছেন।
পূজা বলেন, গত ১০ থেকে ১২ বছর ধরে মিডিয়ায় কাজ করছেন তিনি এবং নিজের পরিশ্রমের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছেন। বাবার কোনো ব্যবসা বা আর্থিক কার্যক্রমের সঙ্গে তার কোনো ধরনের সম্পর্ক নেই বলেও জোর দিয়ে উল্লেখ করেন তিনি।
বর্তমানে তিনি কোনো প্রোডাকশন হাউজ বা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত নন জানিয়ে পূজা আরও বলেন, একজন শিল্পী হিসেবে তিনি সবসময় দর্শকদের ভালোবাসা ও সম্মানের প্রতি শ্রদ্ধাশীল। তবে পারিবারিক এই পরিস্থিতি তার জন্য মানসিকভাবে অত্যন্ত কষ্টদায়ক বলেও উল্লেখ করেন।
তিনি আরও জানান, বিষয়টি সম্পূর্ণভাবে তার বাবার ব্যক্তিগত আইনি বিষয় এবং আইন নিজস্ব গতিতেই চলবে বলে তিনি বিশ্বাস করেন। তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং আদালতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই অভিনেত্রী।








