Search
Close this search box.

সুশান্ত মামলায় স্বস্তি, আইনি জটিলতা কাটল রিয়ার

হাবিবা

ছবিঃ সংগৃহীত

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে ঘিরে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রে ছিলেন তার তৎকালীন প্রেমিকা ও অভিনেত্রী রিয়া চক্রবর্তী। মাদক সংযোগ ও আর্থিক লেনদেনের অভিযোগে তাকে একাধিক তদন্তের মুখোমুখি হতে হয়েছে। ২০২০ সালে এই তদন্তের অংশ হিসেবে রিয়া এবং তার ভাই শৌভিক চক্রবর্তীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

দীর্ঘ চার বছর পর সেই জটিলতা থেকে অবশেষে স্বস্তি পেলেন তারা। শনিবার বিশেষ এনডিপিএস আদালত রিয়া ও শৌভিকের ব্যাংক অ্যাকাউন্টগুলো পুনরায় সচল বা ডি-ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, এনসিবি অ্যাকাউন্ট জব্দ করার ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করেনি।

রিয়া ও শৌভিক তাদের আইনজীবীর মাধ্যমে আদালতে আবেদন করে জানান, ১৯৮৫ সালের এনডিপিএস আইনের ৬৮এফ ধারা অনুযায়ী কোনো সম্পত্তি বা ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করতে হলে নির্দিষ্ট নিয়ম মানা বাধ্যতামূলক। তাদের দাবি ছিল, অ্যাকাউন্ট ফ্রিজ করার পর নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়নি।

আদালত এই যুক্তিগুলো যাচাই করে দেখেন এবং সিদ্ধান্তে উপনীত হন যে, জব্দ প্রক্রিয়ায় বাধ্যতামূলক ধাপগুলো অনুসরণ করা হয়নি। ফলে এই পদক্ষেপ আইনি দৃষ্টিতে বৈধ নয়। এর ভিত্তিতেই আদালত অ্যাকাউন্টগুলো খুলে দেওয়ার নির্দেশ দেন।

এর ফলে এখন থেকে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারে আর কোনো আইনি বাধা থাকছে না রিয়া ও তার ভাইয়ের। উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর মাদক সংশ্লিষ্ট অভিযোগে ২০২০ সালে রিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল, যা নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ