Search
Close this search box.

২৪ দিন পর মিলল নিখোঁজ পরিচালক

হাবিবা

ছবিঃ সংগৃহীত

দীর্ঘ ২৪ দিন নিখোঁজ থাকার পর অবশেষে সন্ধান মিলেছে টালিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে তিনি দিল্লিতে এক বন্ধুর বাসায় অবস্থান করছেন।

রবিবার সকালে হঠাৎ করেই ওই বন্ধুর বাসায় পৌঁছান উৎসব। তবে এতদিন তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানাননি বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা। এতে করে তার নিখোঁজ থাকার সময়কাল ঘিরে রহস্য এখনো কাটেনি।

পরিচালকের অবস্থান নিশ্চিত হওয়ার পর তার স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি সোমবার দিল্লিতে গিয়ে স্বামীর সঙ্গে দেখা করবেন। এদিকে উৎসবের ঘনিষ্ঠদের পক্ষ থেকে দ্রুতই বিষয়টি জানানো হয় পরিবারকে। পাশাপাশি লালবাজারের মিসিং পার্সনস স্কোয়াড ও আনন্দপুর থানাকেও অবহিত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পরিচালকের স্ত্রী থানায় গেলে এক উচ্চপদস্থ কর্মকর্তার উপস্থিতিতে ভিডিও কলে উৎসবের সঙ্গে তার কথা বলানো হয়। পরে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয় যে, নিখোঁজ পরিচালকের সন্ধান পাওয়া গেছে।

উৎসবের নিখোঁজ হওয়ার বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন তার স্ত্রী। তিনি জানান, ২ এপ্রিল দুপুরে নিমতার একটি ব্যাংকে যাওয়ার পর থেকেই নিখোঁজ হন উৎসব। ওই দিন দুপুর ২টা ২২ মিনিটে স্বামীর সঙ্গে তার শেষবার কথা হয়েছিল বলে দাবি করেন তিনি। এরপর আনন্দপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।

সন্ধান পাওয়ার পর মৌপিয়া জানান, থানায় যাওয়ার পথে উৎসবের বন্ধুর কাছ থেকে ফোন পান তিনি। সেখানে জানানো হয়, আপাতত উৎসব তাদের বাসাতেই রয়েছেন। পুলিশের নির্দেশে তার অবস্থান সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হয়নি। স্বামীর সঙ্গে সংক্ষিপ্ত কথোপকথনে তিনি জানতে পারেন, উৎসব অত্যন্ত ক্লান্ত ছিলেন এবং বিশ্রামে ছিলেন।

অবশেষে ২৪ দিনের অনিশ্চয়তার পর পরিচালকের খোঁজ মেলায় স্বস্তি ফিরেছে পরিবারে। তবে এই সময় তিনি কোথায় ছিলেন এবং কীভাবে নিখোঁজ ছিলেন—তা এখনো অজানাই রয়ে গেছে।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ