বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পাসপোর্ট নবায়ন প্রক্রিয়ায় নানা ধরনের সমস্যা ও বিলম্বের অভিযোগ করছেন, যা তাদের দৈনন্দিন জীবন ও কর্মক্ষেত্রে প্রভাব ফেলছে।
তিনি বলেন, “প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নে ধীরগতি ও জটিলতার বিষয়ে অনেকেই আমাদের কাছে প্রতিকার চেয়ে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, বিষয়টি যেন দ্রুত গুরুত্ব দিয়ে সমাধান করা হয়।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি রেমিট্যান্স প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তার ভাষায়, “প্রবাসীরা ভালো থাকলে দেশ ভালো থাকবে, আর তারা কষ্টে থাকলে দেশের অর্থনীতিও ঝুঁকিতে পড়বে।” তিনি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন এবং তাদের জন্য দোয়া কামনা করেন।
বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসীদের কনস্যুলার সেবা আরও দ্রুত ও ডিজিটালাইজড করা না গেলে এই ধরনের জটিলতা পুরোপুরি দূর করা সম্ভব হবে না। তারা বিদেশে বাংলাদেশ মিশনগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং অনলাইন সেবা আরও সহজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রবাসী সেবাকে আরও সহজ ও দ্রুত করার বিষয়ে কাজ করছে বলে জানা গেছে।








