শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৩০ হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে। কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষা শুরুর আগে থেকেই কেন্দ্রভিত্তিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনেক কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং প্রশ্নপত্র পরিবহন ও বিতরণে কঠোর নজরদারি রাখা হয়েছে।
আজকের জরুরি ব্রিফিংয়ে এসএসসি পরীক্ষার প্রথম দিনের সার্বিক মূল্যায়ন, কোথাও কোনো অনিয়ম বা বিঘ্ন ঘটেছে কি না, এবং আগামী দিনের পরীক্ষাগুলো আরও নির্বিঘ্ন করতে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে—এসব বিষয়ে বিস্তারিত জানানো হবে।
শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, এটি দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা হওয়ায় সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষ করে গুজব, প্রশ্নফাঁসের অপচেষ্টা এবং কেন্দ্র ব্যবস্থাপনায় কোনো ঘাটতি যেন না থাকে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।








