ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সাধারণ নির্বাচনে প্রাপ্ত আসনের আনুপাতিক হারে রাজনৈতিক দলগুলো সংরক্ষিত নারী আসন পাবে। সে হিসেবে মোট ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট পেতে পারে ৩৬টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট ১৩টি এবং স্বতন্ত্রদের জোট একটি আসন পেতে পারে।
নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, জোটগুলোর নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি প্রার্থী না থাকলে অধিকাংশ প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি প্রায় শেষ। বিএনপি জোট ইতোমধ্যে তাদের নির্ধারিত ৩৬ জন প্রার্থীর নাম চূড়ান্ত করেছে। অন্যদিকে জামায়াত জোটও ১৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ করেছে।
এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে মোট ৪৩১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে পাঁচজন ইতোমধ্যে মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন—সানজিদা ইসলাম তুলি, নিলুফার চৌধুরী মনি, মাহবুবা রহমান, আনা মিনজ ও নিপুন রায় চৌধুরী।
নির্বাচন প্রক্রিয়া এগিয়ে চলায় সংরক্ষিত নারী আসনের এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে বাড়ছে তৎপরতা।








