Search
Close this search box.

জ্বালানি তেল ও এলপিজি মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি ইসলামী আন্দোলনের

হাবিবা

ছবিঃ সংগৃহীত

জ্বালানি তেল ও এলপিজির দাম একের পর এক বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির পক্ষ থেকে এই মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে এক বিবৃতিতে সংগঠনের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, এলপিজি ও জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর সরাসরি চাপ সৃষ্টি করছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি জানান, সাম্প্রতিক সময়ে এলপিজি সিলিন্ডারের দাম এক দফায় প্রায় ১৭ টাকা ৬২ পয়সা বৃদ্ধি পেয়েছে, যার ফলে গ্রাহকদের অতিরিক্ত প্রায় ২০০ টাকার বেশি ব্যয় করতে হচ্ছে। এর আগে চলতি মাসের শুরুতেই আরও বড় অঙ্কে দাম বৃদ্ধি করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

গাজী আতাউর রহমান বলেন, শহরের অধিকাংশ পরিবার রান্নার কাজে এলপিজির ওপর নির্ভরশীল। ফলে এই মূল্যবৃদ্ধি নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর ওপর সরাসরি প্রভাব ফেলছে এবং জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিচ্ছে।

তিনি আরও বলেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির চাপ মোকাবিলায় সরকারের উচিত ছিল বিকল্প রাজস্ব ব্যবস্থার দিকে নজর দেওয়া, কিন্তু জ্বালানির দাম বাড়িয়ে চাপ জনগণের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।

তার অভিযোগ, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে দেশেও তা বাড়ানো হয়, কিন্তু কমলে সেই সুবিধা সাধারণ মানুষ পায় না। এর ফলে পরিবহন খরচ, খাদ্যসহ সব নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে।

ইসলামী আন্দোলন সরকারের প্রতি জ্বালানি তেল ও এলপিজির মূল্য পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ