Search
Close this search box.

শাহজালাল বিমানবন্দরে চালু হলো আধুনিক এয়ার ট্রাফিক সেন্টার

হাবিবা

ছবিঃ সংগৃহীত

দেশের আকাশপথ ব্যবস্থাপনায় নতুন যুগের সূচনা হলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার চালুর মাধ্যমে। নতুন এই প্রযুক্তিনির্ভর সেন্টার চালুর ফলে বাংলাদেশের আকাশসীমা আরও নিরাপদ, দক্ষ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

সোমবার (২০ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এই সেন্টারের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। উদ্বোধনকালে তিনি বলেন, এটি একটি অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় ব্যবস্থা, যা দেশের বিমান চলাচল ব্যবস্থাপনাকে আরও উন্নত করবে এবং বৈশ্বিক মানে উন্নীত করবে।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের এভিয়েশন খাতের ভিত্তি স্থাপনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণীয়। তার উদ্যোগেই কুর্মিটোলায় আন্তর্জাতিক বিমানবন্দর চালুর মাধ্যমে দেশের বিমান যোগাযোগ ব্যবস্থার সূচনা হয়।

মন্ত্রী বলেন, সরকার শাহজালাল বিমানবন্দরকে একটি আন্তর্জাতিক এভিয়েশন হাবে রূপান্তর করার লক্ষ্য নিয়ে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন বলে তিনি জানান।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম ৩৫০ নটিক্যাল মাইল পর্যন্ত আকাশসীমা সমন্বয় সক্ষমতা বৃদ্ধি করবে। এর ফলে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার হবে এবং বাংলাদেশ ধীরে ধীরে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে উঠতে পারবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে, মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নতুন এই ব্যবস্থা চালুর মাধ্যমে বাংলাদেশের বিমান পরিবহন খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ