ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের সময় সরকারি দলের কিছু সদস্য যে ধরনের অশালীন অঙ্গভঙ্গি করেছেন, তাকে ‘বিবেক নাড়িয়ে দেওয়া’ ঘটনা হিসেবে অভিহিত করেন তিনি।একাধিকবার নির্বাচিত সংসদ সদস্যদের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয় বলে তিনি উল্লেখ করেন।
বিরোধীদলীয় নেতা তাঁর বক্তব্যে আক্ষেপ প্রকাশ করে বলেন:
সংসদের শুরুতেই একটি ইতিবাচক ও শালীন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছিল, এ ধরণের আচরণে তার ব্যত্যয় ঘটছে।
বারবার আহ্বান সত্ত্বেও অশোভন আচরণ অব্যাহত থাকায় তিনি গভীর দুঃখ প্রকাশ করেন এবং এর তীব্র নিন্দা জানান।
বিরোধীদলীয় নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে ডেপুটি স্পিকার কায়সার কামাল সংসদে শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দেন। তিনি সকল সংসদ সদস্যকে কার্যপ্রণালী বিধি অনুসারে শিষ্টাচার বজায় রেখে এবং সংসদীয় রীতিনীতি মেনে আলোচনায় অংশ নেওয়ার জন্য কঠোর আহ্বান জানান।




