Search
Close this search box.

সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন আবারও ৬ মাস পেছাল

হাবিবা

ছবিঃ সংগৃহীত

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে আবারও ব্যর্থ হয়েছে উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটি। এ কারণে আদালত তদন্ত শেষ করার জন্য আরও ছয় মাস সময় দিয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মামলার দীর্ঘসূত্রতা ও ১৩ বছরেও চার্জশিট জমা না হওয়ায় বিষয়টি নিয়ে আদালত এবং রাষ্ট্রপক্ষ উভয়ই উদ্বেগ প্রকাশ করেন।

আদালতে রিটকারী আইনজীবীরা তদন্ত কর্মকর্তাকে তলবের আবেদন জানান। তবে অ্যাটর্নি জেনারেল জানান, তদন্তে অগ্রগতি হয়েছে এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুতের জন্য আরও সময় প্রয়োজন। পরে রিটকারী পক্ষ তিন মাস সময়ের আবেদন করলেও আদালত শেষ পর্যন্ত ছয় মাস সময় মঞ্জুর করেন।

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল শুনানিতে বলেন, ১৩ বছরেও চার্জশিট দিতে না পারা অত্যন্ত বেদনাদায়ক বিষয়। আদালতও মামলার দীর্ঘ বিলম্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করে।

এর আগে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট উচ্চপর্যায়ের একটি টাস্কফোর্স গঠন করে তদন্তের নির্দেশ দেন এবং ছয় মাসের সময়সীমা নির্ধারণ করেন। পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের এই টাস্কফোর্স তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।

পরবর্তীতে গত বছরের ২৩ অক্টোবর আবারও ছয় মাস সময় দেওয়া হয়। সর্বশেষ এবার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা আরও ছয় মাস বাড়ানো হলো।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনি নির্মমভাবে নিহত হন। সেই থেকে আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া এখনো শেষ হয়নি, যা নিয়ে দেশজুড়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ ও সমালোচনা চলছে।


সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ