Search
Close this search box.

রাশিয়া-উত্তর কোরিয়া সংযোগকারী সড়ক সেতুর উদ্বোধন শিগগিরই

হাবিবা

ছবিঃ সংগৃহীত

রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে যোগাযোগ আরও সহজ করতে তুমেন নদীর ওপর নির্মিত সড়ক সেতুর কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। শিগগিরই এই সেতু উদ্বোধন করা হবে বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ।

সেতুটি নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত হয় ২০২৪ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর উত্তর কোরিয়া সফরের সময়। এরপর এক বছর পর প্রকল্পের কাজ শুরু হয়। তুমেন নদীর ওপর নির্মিত এই সেতুটি রাশিয়ার হাইওয়ে নেটওয়ার্কের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে।

রাশিয়ার দূতাবাস সূত্রে জানা গেছে, সেতুর নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ জুনের মধ্যে কাজ সম্পন্ন হতে পারে। তবে আনুষ্ঠানিক উদ্বোধনের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

তুমেন নদী রাশিয়া ও উত্তর কোরিয়ার প্রাকৃতিক সীমান্ত হিসেবে কাজ করে, যার এক পাশে রাশিয়ার প্রিমোরস্কি ক্রাই এবং অন্য পাশে উত্তর কোরিয়ার রাসন শহর অবস্থিত। এই নদীর ওপর আগে থেকেই একটি রেলসেতু রয়েছে, যা ১৯৫৯ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন আমলে নির্মিত হয়। নতুন সড়ক সেতুটি দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন ও পণ্য পরিবহন আরও সহজ করবে বলে আশা করা হচ্ছে।

রাশিয়ার প্রিমোরস্কি ক্রাই অঞ্চলের গভর্নর ওলেগ কোঝেমায়াকো বলেছেন, এই সেতু চালু হলে ভ্লাদিভস্তক ও রাসন শহরের মধ্যে দূরত্ব উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং দুই দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার হবে।

বিশ্লেষকদের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের উচ্চপর্যায়ের একাধিক বৈঠক ও সফর সেই সম্পর্ককে আরও গভীর করেছে।


সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ