Search
Close this search box.

তিন মাস ধরে শূন্য অধ্যক্ষ পদ, রাজশাহী নার্সিং কলেজে শিক্ষার্থীদের আন্দোলন

হাবিবা

ছবিঃ সংগৃহীত

প্রায় তিন মাস ধরে অধ্যক্ষবিহীন অবস্থায় রয়েছে রাজশাহী নার্সিং কলেজ (আরএনসি)। এতে প্রতিষ্ঠানটির প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে চরম অচলাবস্থা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। দ্রুত অধ্যক্ষ নিয়োগের দাবিতে শনিবার (১৮ এপ্রিল) কলেজ প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা।

শনিবার বেলা ১১টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলে দুপুর ১২টা পর্যন্ত। শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ না থাকায় কলেজের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং নানা ধরনের প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে।

শিক্ষার্থীদের দাবি, অধ্যক্ষ না থাকায় শিক্ষক ও কর্মচারীরা নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন না, একইসঙ্গে শিক্ষার্থীদের স্টাইপেন্ড বিতরণেও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে শিক্ষা কার্যক্রমসহ সার্বিক পরিবেশে নেতিবাচক প্রভাব পড়ছে।

স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। সংগঠনটির সভাপতি রাশিদুল ইসলাম বলেন, দীর্ঘ সময় ধরে শূন্য থাকা অধ্যক্ষ পদ দ্রুত পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ না হলে আন্দোলন আরও কঠোর করা হবে।

কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। এ সময় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের শিক্ষার্থীদের সংগঠন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সও তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান বলেন, শিক্ষার্থীদের দাবি ন্যায্য। দ্রুত অধ্যক্ষ নিয়োগ না হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।

শিক্ষার্থীরা বলছেন, প্রশাসনিক শূন্যতা অব্যাহত থাকলে শিক্ষা কার্যক্রম সম্পূর্ণভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত পদক্ষেপ নিয়ে প্রতিষ্ঠানটি স্বাভাবিক কার্যক্রমে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ