আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের আসরে মোট ২০টি বহুজাতিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিযোগিতাটি চলবে ২৪ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত।
খেলা অনুষ্ঠিত হবে ঢাকার মাদানি অ্যাভিনিউয়ের একটি মাঠে। মোট ১৬ দিনব্যাপী এই আসরে ৫০টি ম্যাচ আয়োজন করা হবে।
টুর্নামেন্টটি গ্রুপ পর্ব দিয়ে শুরু হয়ে নকআউট পর্বে গড়াবে। এতে কাপ ও প্লেট—দুই বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এর আগে ২০২৫ সালের আসরে ফুডপান্ডা চ্যাম্পিয়ন এবং ডিএইচএল রানারআপ হয়েছিল। প্লেট বিভাগে আমান বাংলাদেশ শিরোপা জেতে এবং গ্রামীণফোন রানারআপ হয়।
আয়োজকরা জানিয়েছেন, এবারের আসরে স্পনসর হিসেবে যুক্ত রয়েছে একাধিক করপোরেট প্রতিষ্ঠান। প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে অনলাইন প্ল্যাটফর্মে, যাতে দর্শকরা সহজেই খেলা উপভোগ করতে পারেন।
ফিক্কি কর্তৃপক্ষের মতে, এই আয়োজন শুধু ফুটবল প্রতিযোগিতা নয়, বরং করপোরেট বিশ্বের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।








