Search
Close this search box.

পেইনের বদলি হিসেবে হায়দরাবাদে কুটসিয়া, আইপিএলে নতুন চমক

হাবিবা

ছবিঃ সংগৃহীত

আইপিএল শুরুর ঠিক আগে দলে পরিবর্তন এনেছে সানরাইজার্স হায়দরাবাদ। চোটে ছিটকে পড়া অস্ট্রেলিয়ান পেসার ডেভিড পেইনের বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার পেসার জেরল্ড কুটসিয়াকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

কুটসিয়া ২ কোটি রুপিতে হায়দরাবাদ শিবিরে যোগ দিচ্ছেন। অ্যাঙ্কেলের চোটের কারণে পেইন টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন, যার ফলে নতুন করে বদলি খুঁজতে বাধ্য হয় দলটি।

এর আগে পেইন নিজেও ছিলেন বদলি ক্রিকেটার। টুর্নামেন্ট শুরুর আগেই আরেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার জ্যাক এডওয়ার্ডস চোটে পড়লে তার জায়গায় নেওয়া হয়েছিল পেইনকে।

জেরল্ড কুটসিয়ার আইপিএল অভিজ্ঞতা বেশ ঘুরপথে এগিয়েছে। আন্তর্জাতিক অভিষেকের আগেই তিনি আইপিএল দলে ডাক পেয়েছিলেন। ২০২১ সালে রাজস্থান রয়্যালস তাকে দলে নিলেও ম্যাচ খেলার সুযোগ হয়নি।

পরে ২০২৪ আসরে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে ৫ কোটি রুপিতে দলে নেয়। ওই মৌসুমে তিনি ১০ ম্যাচে ১৩ উইকেট নেন।

গত আসরে গুজরাট টাইটান্সের হয়ে ৪ ম্যাচে মাত্র ২ উইকেট পান তিনি এবং ব্যয়বহুল বোলিংয়ের কারণে সমালোচনার মুখে পড়েন। এরপর নিলামে দল না পেলেও নিউজিল্যান্ডে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আবারও আলোচনায় আসেন কুটসিয়া। সেখানে ৫ ম্যাচে ৮ উইকেট নেন তিনি।

হায়দরাবাদের জন্য এটি চলমান ইনজুরি সমস্যার মধ্যে কিছুটা স্বস্তির খবর। এর আগে চোটের কারণে ব্রাইডন কার্সও ছিটকে গিয়েছিলেন, তার বদলি হিসেবে যোগ দেন শ্রীলঙ্কার দিলশান মাদুশাঙ্কা।

এদিকে দলের অধিনায়ক প্যাট কামিন্স চোট কাটিয়ে ফিরছেন বলে আশা করা হচ্ছে, যা দলকে আরও শক্তিশালী করবে বলে মনে করছে ফ্র্যাঞ্চাইজিটি।




সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ