জাগপা নেতাদের অভিযোগ, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কার্যালয়ে হামলা চালিয়ে ভেতরের চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করেছে। এছাড়া কার্যালয়ের টিনের বেড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাশেদ প্রধানের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে তাকে পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
অন্যদিকে জেলা যুবদলের নেতারা বলেন, রাজনৈতিক বক্তব্য দেওয়ার ক্ষেত্রে শালীনতা বজায় রাখা উচিত। তাদের দাবি, কটূক্তিমূলক মন্তব্যের প্রতিবাদে তারা অবস্থান নিয়েছেন।
জাগপা জেলা সাধারণ সম্পাদক দাবি করেন, হামলাকারীরা কার্যালয়ে ভাঙচুর চালালেও কোনো নেতাকর্মীর ওপর সরাসরি হামলা হয়নি।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।








