Search
Close this search box.

ডেনিম রপ্তানিতে বিশ্ববাজারে শীর্ষে বাংলাদেশ

হাবিবা

ছবিঃ সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের বাজারে ডেনিম বা জিনস পোশাক রপ্তানিতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। জিনস রপ্তানি শুরুর চার দশক পর দেশের এই খাত এখন বৈশ্বিক বাজারে শক্তিশালী অবস্থান তৈরি করেছে এবং প্রতি বছরই এই অবস্থান আরও সুদৃঢ় হচ্ছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্যে দেখা যায়, গত বছর এই দুই বড় বাজারে বাংলাদেশ প্রায় ২৬০ কোটি মার্কিন ডলারের ডেনিম পোশাক রপ্তানি করেছে। আগের বছরের তুলনায় যা প্রায় ২৫ শতাংশ বেশি। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি হয়েছে ৯৬ কোটি ডলারের পণ্য, যেখানে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৩৪ শতাংশ। দেশটিতে ডেনিম রপ্তানিতে প্রায় ২৬ শতাংশ বাজার দখল করে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের রপ্তানি দাঁড়িয়েছে ১৬৪ কোটি ডলার, যেখানে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২১ শতাংশ। এই বাজারেও বাংলাদেশ শীর্ষ রপ্তানিকারক দেশ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে।

বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে মেক্সিকো, ভিয়েতনাম, পাকিস্তান, তুরস্ক ও কম্বোডিয়ার মতো দেশ। যুক্তরাষ্ট্রের বাজারে মেক্সিকো দ্বিতীয় অবস্থানে থেকে ৬৪ কোটি ডলারের ডেনিম রপ্তানি করেছে। ভিয়েতনাম ও পাকিস্তান উভয়ই প্রায় ৫০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। ইউরোপীয় বাজারে বাংলাদেশের পরেই রয়েছে পাকিস্তান, যাদের রপ্তানি ১০৩ কোটি ডলার। এছাড়া তুরস্ক, তিউনিসিয়া ও চীনও উল্লেখযোগ্য অবস্থান ধরে রেখেছে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, গত দেড় দশকে দেশে ডেনিম শিল্পে ব্যাপক বিনিয়োগ হয়েছে। একসময় যেখানে ডেনিম কাপড় উৎপাদনকারী মিলের সংখ্যা ছিল মাত্র ১০ থেকে ১২টি, বর্তমানে তা বেড়ে প্রায় ৫০টির কাছাকাছি পৌঁছেছে। এখন দেশীয় মিলগুলোই মোট চাহিদার প্রায় ৬০ শতাংশ সরবরাহ করছে, যা আগে আমদানিনির্ভর ছিল।

এছাড়া উৎপাদন ব্যয় তুলনামূলক কম হওয়ায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বেড়েছে। গ্যাস ও পানির মতো গুরুত্বপূর্ণ উপকরণ তুলনামূলক কম খরচে পাওয়া যায়। বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে চীন থেকে ক্রয়াদেশের একটি অংশ বাংলাদেশে স্থানান্তরিত হচ্ছে, যা রপ্তানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ঢাকায় নিয়মিত আন্তর্জাতিক ডেনিম প্রদর্শনী আয়োজনের ফলে বিদেশি ক্রেতাদের সঙ্গে স্থানীয় উদ্যোক্তাদের যোগাযোগ বাড়ছে। এর মাধ্যমে দেশের ডেনিম শিল্প আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিতি পাচ্ছে। আধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থা ও উন্নত প্রক্রিয়াজাতকরণ সুবিধা বৃদ্ধির ফলে পণ্যের মানও উন্নত হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।




সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ