ম্যাচের মাত্র চতুর্থ মিনিটে গোল করে সান্তোসকে এগিয়ে নিয়েছিলেন নেইমার।প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে সমতায় ফেরে রিকোলেতা। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় সান্তোসকে।
ম্যাচ শেষে পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করায় তিনি বলেন, “সবাই সুযোগ মিস করেছি, এমনটা ফুটবলে ঘটেই। আমি মনে করি আমি ভালো খেলেছি এবং অনেক সুযোগ তৈরি করেছি। সমর্থকদের আবেগ আমি বুঝি, কিন্তু বল সবসময় জালে জড়ায় না।”
সাক্ষাৎকার চলাকালীন গ্যালারি থেকে এক দর্শক ক্রমাগত নেইমারকে উদ্দেশ্য করে মন্তব্য করতে থাকলে পরিস্থিতি ঘোলাটে হয়:
নেইমার প্রথমে মুখে আঙুল চেপে ওই দর্শককে চুপ থাকার ইশারা দেন। দর্শক থামছেন না দেখে নেইমার তাঁর কাছে গিয়ে সরাসরি আক্রমণ করেন। দর্শককে ‘মোটা’ বলে খোঁচা দিয়ে নেইমার বলেন, “তোমার আরও জিম করা উচিত। তুমি মোটা হয়ে যাচ্ছ।”
নেইমার আরও যোগ করেন, “তুমি কি এখন খুশি? আমি এখানে আমার সবটুকু নিংড়ে দিচ্ছি। আর অযথা কথা বলে তোমাকে এক মিনিটের জন্য বিখ্যাত হওয়ার সুযোগ করে দিলাম।”
ইনজুরি কাটিয়ে ফেরার পর নেইমার সান্তোসের হয়ে নিয়মিত খেললেও দলের আশানুরূপ ফলাফল না আসায় সমর্থকদের চাপের মুখে রয়েছেন তিনি। আজকের ড্রয়ের পর পয়েন্ট টেবিলের সমীকরণ কিছুটা কঠিন হয়ে পড়ায় সমর্থকদের ক্ষোভের মুখে পড়তে হয় পুরো দলকে, যার বহিঃপ্রকাশ ঘটে নেইমারের এই অনাকাঙ্ক্ষিত বিবাদে।






