Search
Close this search box.

ভিসা থাকা সত্ত্বেও কানাডায় ঢুকতে পারলেন না ইরান ফুটবল প্রধান: ফিরলেন তুরস্কে

অহনা

২০২৬ বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশগুলোর একটি কানাডা। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধরণের কূটনৈতিক ও ফুটবলীয় জটিলতা তৈরি হয়েছে ইরানকে কেন্দ্র করে। ইরান ফুটবল ফেডারেশনের (FFIRI) সভাপতি মেহদি তাজকে কানাডায় প্রবেশ করতে দেওয়া হয়নি। বৈধ ভিসা থাকা সত্ত্বেও অভিবাসন কর্মকর্তাদের অনমনীয় অবস্থানের কারণে প্রতিনিধিদলটি শেষ পর্যন্ত দেশে ফিরে যেতে বাধ্য হয়েছে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ভ্যাঙ্কুবার কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য একটি গুরুত্বপূর্ণ কংগ্রেসে যোগ দেওয়ার কথা ছিল ৬৬ বছর বয়সী মেহদি তাজের।

 তাসনিম নিউজ এজেন্সির তথ্যমতে, ফেডারেশন সভাপতি মেহদি তাজ, মহাসচিব হেদায়েত মোমবেনি এবং ডেপুটি হামেদ মোমেনি টরন্টোর পিয়ারসন বিমানবন্দরে পৌঁছালে অভিবাসন কর্মকর্তারা তাঁদের সঙ্গে ‘অগ্রহণযোগ্য আচরণ’ করেন। ফলে তাঁরা পরের ফ্লাইটেই তুরস্কে ফিরে যান।তবে কানাডা কর্তৃপক্ষের দাবি, ইরানের পক্ষ থেকেই প্রতিনিধিদলটি প্রত্যাহার করা হয়েছে।

তাজকে প্রবেশ করতে না দেওয়ার পেছনে রাজনৈতিক কারণটি স্পষ্ট করেছে কানাডা সরকার। ২০২৪ সালে কানাডা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (IRGC) একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে।

 কানাডা সরকারের বিবৃতিতে বলা হয়েছে, “গোপনীয়তা আইনের কারণে ব্যক্তিগত বিষয়ে মন্তব্য না করলেও অবস্থান স্পষ্ট: আইআরজিসি কর্মকর্তারা কানাডায় অগ্রহণযোগ্য এবং আমাদের দেশে তাঁদের কোনো স্থান নেই।” মেহদি তাজের সঙ্গে আইআরজিসি-র কথিত সম্পর্কের কারণেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

এই ঘটনা ২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণের ক্ষেত্রে একটি বড় ধরণের রেড সিগন্যাল হিসেবে দেখা দিচ্ছে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনার প্রভাব এখন সরাসরি খেলার মাঠে দৃশ্যমান।

 তিনটি দেশে (যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা) আয়োজিত এই টুর্নামেন্টে ইরানি খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের অবাধ চলাচল নিয়ে গভীর সন্দেহ তৈরি হয়েছে।ফিফা নির্ধারিত সময়সূচী অনুযায়ী ম্যাচ আয়োজনের ওপর জোর দিলেও, এই নিরাপত্তা ও রাজনৈতিক বাধা দূর করার ক্ষেত্রে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি এখন পর্যন্ত কোনো কার্যকরী সমাধান দিতে পারেনি।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ