Search
Close this search box.

হরমুজে অবরোধে আটকা ২০ হাজার নাবিক, থমকে বাণিজ্য

হাবিবা

ছবিঃ সংগৃহীত

হরমুজ প্রণালি ঘিরে চলমান অচলাবস্থায় শত শত জাহাজের প্রায় ২০ হাজার নাবিক আটকা পড়েছেন পারস্য উপসাগর অঞ্চলে। যুক্তরাষ্ট্রের অবরোধ এবং নিরাপত্তা ঝুঁকির কারণে এসব জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারছে না, ফলে বিশ্ব বাণিজ্যে সৃষ্টি হয়েছে নতুন অনিশ্চয়তা।

প্রায় আট সপ্তাহ ধরে ভারতীয় ক্যাপ্টেন রাহুল ধর ও তার নাবিকদল একটি তেলবাহী ট্যাংকারে আটকা রয়েছেন। তিনি জানান, নাবিকরা নিয়মিত দায়িত্ব পালন করলেও দীর্ঘদিন বন্দি থাকার কারণে তাদের মানসিক চাপ ক্রমেই বাড়ছে। গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্রইরান এর মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা এলেও বাস্তবে পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং বাণিজ্য ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সামুদ্রিক তথ্য সংস্থা লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স জানিয়েছে, ১৩ থেকে ১৯ এপ্রিলের মধ্যে মাত্র ৮০টি জাহাজ প্রণালিটি অতিক্রম করতে পেরেছে, যেখানে যুদ্ধ শুরুর আগে প্রতিদিন প্রায় ১৩০ বা তার বেশি জাহাজ চলাচল করত।

বিশ্লেষকদের মতে, এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে শুধু জ্বালানি খাত নয়, বিশ্বব্যাপী পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থাও বড় ধরনের সংকটে পড়তে পারে। একই সঙ্গে দীর্ঘদিন জাহাজে আটকে থাকা নাবিকদের মানবিক সংকটও ক্রমেই তীব্র আকার ধারণ করছে।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ