বুধবার (২৯ এপ্রিল) সকালে দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় জানানো হয়, পর্যটন বা অন্য কোনো অস্থায়ী ভিসার আড়ালে এই ধরনের উদ্দেশ্য রাখা আইনসম্মত নয়। কনস্যুলার কর্মকর্তাদের কাছে যদি মনে হয় কোনো আবেদনকারীর মূল উদ্দেশ্য যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া, তাহলে তার ভিসা আবেদন তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে।
দূতাবাস আরও জানায়, ভিসা আবেদনের সময় সঠিক ও স্বচ্ছ তথ্য প্রদান বাধ্যতামূলক। ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য গোপন করা বা বিভ্রান্তিকর তথ্য দিলে শুধু বর্তমান আবেদনই বাতিল হবে না, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রেও দীর্ঘমেয়াদি জটিলতা বা স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হতে পারে।
মার্কিন প্রশাসন বলছে, ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং নিয়মবহির্ভূতভাবে নাগরিকত্ব লাভের প্রবণতা বন্ধ করতেই এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। তাই আবেদনকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা সবসময় সঠিক তথ্য প্রদান করেন এবং যুক্তরাষ্ট্রের ভিসা নীতিমালা মেনে আবেদন করেন।







