ভর্তি কার্যক্রম, সেমিস্টার ফি, পরীক্ষার ফি-সহ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ফি ও বিল অনলাইনের মাধ্যমে পরিশোধ করা যাবে। ক্রেডিট/ডেবিট কার্ড, মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ ইত্যাদি) এবং ইন্টারনেট ব্যাংকিং—এই তিন মাধ্যমেই অর্থ পরিশোধের সুযোগ রয়েছে।
পেমেন্ট সিস্টেমে শিক্ষার্থীরা তাদের নাম, বিভাগ, আইডি, সেশন এবং হলের নাম উল্লেখ করে সহজেই লেনদেন সম্পন্ন করতে পারবেন। তবে পেমেন্ট ওয়েবসাইটে হলের নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে কিছুটা জটিলতা লক্ষ্য করা গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম প্রশাসনিকভাবে পরিবর্তন করা হলেও ওয়েবসাইটে এখনো পুরোনো নামগুলোই দেখা যাচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই কারিগরি ত্রুটি দ্রুতই সংশোধন করা হবে।
চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান জানান:
“অগ্রণী ব্যাংকের সঙ্গে আগে চুক্তি থাকলেও অনলাইন সেবায় কিছু সীমাবদ্ধতা ছিল। তাই সোনালী ব্যাংকের সঙ্গে নতুন চুক্তির মাধ্যমে পূর্ণাঙ্গ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করা হয়েছে। ইতোমধ্যে বেশ কিছু লেনদেন সফলভাবে সম্পন্ন হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের সময় ও শ্রম উভয়ই বাঁচবে।







