Search
Close this search box.

উলাশী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাবিবা

ছবিঃ সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার উলাশী এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার সমাধানে উলাশী-যদুনাথপুর অঞ্চলের উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে প্রায় চার কিলোমিটার দীর্ঘ এই খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এই প্রকল্পের মাধ্যমে বেতনা নদীর সঙ্গে সংযুক্ত উলাশী খাল পুনরুদ্ধার করে এলাকার পানি প্রবাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ভোগা কৃষিজমি এই প্রকল্প বাস্তবায়নের ফলে চাষাবাদের উপযোগী হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহেদ আলম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা।

বক্তারা বলেন, খাল পুনঃখননের মাধ্যমে শুধু পানি নিষ্কাশনই নয়, বরং কৃষি উৎপাদন বৃদ্ধি, জমির উর্বরতা রক্ষা এবং এলাকার পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব হবে। এটি শার্শা উপজেলার দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

দিনের কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী যশোর মেডিক্যাল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল উদ্বোধন এবং ঈদগাহ ময়দানে জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। সফর শেষে সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ