একসময় এই স্থানটি ছিল সম্পূর্ণ ভিন্ন চিত্রের। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ছিল অবৈধ গাড়ি পার্কিং, অস্থায়ী দোকানপাট, আবর্জনা ও বিশৃঙ্খলা। কিন্তু জেলা প্রশাসনের উদ্যোগে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জায়গাটি পুনর্গঠন করা হয়।
পরিকল্পিতভাবে এখানে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ লাগানো হয়েছে। ফলে এখন পুরো এলাকা পরিচ্ছন্ন, সুশৃঙ্খল এবং দৃষ্টিনন্দন এক পরিবেশে রূপ নিয়েছে, যা স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করছে।
ঘটনাস্থলে উপস্থিত বিভিন্ন মানুষ এই পরিবর্তনে সন্তোষ প্রকাশ করেন। একজন আগত নাগরিক জানান, আগে এখানে বিশৃঙ্খলা ছিল, এখন পরিবেশ অনেক সুন্দর ও শান্তিপূর্ণ।
আরেকজন আইনজীবী বলেন, ছোট একটি উদ্যোগও কীভাবে একটি জায়গার চেহারা ও মানুষের মানসিকতা বদলে দিতে পারে, এই কার্যালয় তার বাস্তব উদাহরণ।
এদিকে একজন গণমাধ্যমকর্মী জানান, বৃষ্টিভেজা বিকেলে ফুলের সৌন্দর্য আর পরিষ্কার পরিবেশ মিলিয়ে জায়গাটি এখন শহরের ব্যস্ততার মাঝেও এক প্রশান্তির প্রতীক হয়ে উঠেছে।
সব মিলিয়ে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের এই নতুন রূপ শুধু অবকাঠামোগত পরিবর্তন নয়, বরং একটি পরিচ্ছন্ন ও নান্দনিক নগর ভাবনার প্রতিফলন হিসেবেও দেখা হচ্ছে।







