তবে এবারের হজযাত্রায় এখন পর্যন্ত চারজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তারা সবাই পুরুষ। মৃতরা হলেন— টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম, জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল, দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান এবং ময়মনসিংহের মো. সেরাজুল হক।
হজ বুলেটিনে জানানো হয়েছে, মো. আবুল কাশেম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। বাকি তিনজন স্বাভাবিক কারণে মৃত্যুবরণ করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস এবং ফ্লাইনাস এয়ারলাইনস মিলিয়ে মোট ৮৯টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এসব ফ্লাইটে যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৫ হাজার ৭৪৮ জন, সৌদি এয়ারলাইনস ১২ হাজার ৪৬৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী পরিবহন করেছে।
এছাড়া হজযাত্রীদের স্বাস্থ্যসেবা ও সহায়তায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি আরবের চিকিৎসাকেন্দ্র থেকে স্বয়ংক্রিয় ব্যবস্থাপত্র গ্রহণ করেছেন ২ হাজার ৮৫০ জন হজযাত্রী। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ৬ হাজার ৯২২টি স্বাস্থ্যসংক্রান্ত পরামর্শ প্রদান করা হয়েছে।
হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান ফ্লাইট কার্যক্রম অব্যাহত রয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে বাকি হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।







