Search
Close this search box.

বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি, তবে সাপ্তাহিক পতনের শঙ্কা

হাবিবা

ছবিঃ সংগৃহীত

বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। তবে টানা পাঁচ সপ্তাহের উত্থানের পর এবার সাপ্তাহিক হিসাবে দরপতনের পথে রয়েছে এই মূল্যবান ধাতু। মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ এবং যুক্তরাষ্ট্র–ইরান পরিস্থিতির অনিশ্চয়তা বাজারে চাপ তৈরি করছে বলে জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৭২১.১৫ ডলারে দাঁড়িয়েছে। সেশনের এক পর্যায়ে দাম ১ শতাংশের বেশি বাড়লেও সপ্তাহজুড়ে এখন পর্যন্ত প্রায় ২ শতাংশের বেশি কমেছে।

অন্যদিকে, জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম ০.৪ শতাংশ বেড়ে ৪,৭৪০.৯০ ডলারে নিষ্পত্তি হয়েছে।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা, মুদ্রাস্ফীতির চাপ এবং ভূরাজনৈতিক উত্তেজনা বিনিয়োগকারীদের স্বর্ণের দিকে ঝুঁকতে বাধ্য করছে। তবে একই সঙ্গে মুনাফা গ্রহণের প্রবণতার কারণে বাজারে ওঠানামা বাড়ছে।

বাংলাদেশের বাজারেও স্বর্ণের দামে পরিবর্তন দেখা গেছে। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সময়ে রুপার দামও কমেছে।

বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতেও স্বর্ণের দামে ওঠানামা চলতে পারে।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ