সংঘাত শুরু হওয়ার পর থেকেই ওমান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। দেশটি বিভিন্ন সময় উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের পাশাপাশি সংলাপের পরিবেশ তৈরিতে কাজ করছে। ওমানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে অস্থিতিশীলতা সৃষ্টিকারী হিসেবে অভিহিত করা হয়েছে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে মিশর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক ফোনালাপ করেছেন। এসব আলোচনায় মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি, সম্ভাব্য যুদ্ধবিরতি এবং কূটনৈতিক সমাধানের বিষয়গুলো উঠে আসে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে তেহরান।
বিশ্লেষকদের মতে, ওমানের মধ্যস্থতামূলক ভূমিকা মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।








