Search
Close this search box.

বিচারকাজ থেকে সরিয়ে দেওয়া হলো হাইকোর্টের বিচারপতি আব্দুল মান্নানকে

অহনা

ছবিঃ সংগৃহীত

কুমিল্লার একটি অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে সরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল, ২০২৬) সুপ্রিম কোর্টের একাধিক নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারকাজ পরিচালনার জন্য যে ৬৩টি বেঞ্চ পুনর্গঠন করেছেন, সেখানে বিচারপতি আব্দুল মান্নানের নাম রাখা হয়নি। এর মাধ্যমে তাঁকে অনির্দিষ্টকালের জন্য বিচারিক দায়িত্ব পালন থেকে বিরত রাখা হলো।

গত ৩ এপ্রিল কুমিল্লার একটি রেস্টুরেন্টে এপেক্স ক্লাবের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন বিচারপতি মো. আব্দুল মান্নান। প্রত্যক্ষদর্শী ও ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ অনুযায়ী:অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিনি আয়োজক ও স্থানীয়দের সাথে উচ্চবাচ্যে জড়িয়ে পড়েন।

 অভিযোগ রয়েছে, তিনি বারবার নিজের বিচারপতির পরিচয় দিয়ে উপস্থিত ব্যক্তিদের হুমকি দেন এবং বাগবিতণ্ডা করেন।

বিচারপতির এমন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে তা সাধারণ মানুষ ও আইনজীবী সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। বিষয়টি প্রধান বিচারপতির নজরে এলে তিনি এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেন।

বিচারপতি মো. আব্দুল মান্নান ২০২৪ সালের ৯ অক্টোবর হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। উচ্চ আদালতে যোগ দেওয়ার আগে তিনি পিরোজপুর জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ