সফরসূচি অনুযায়ী, দিনভর একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বেলা ১১টায় বগুড়া জজ আদালতে আধুনিক বিচারসেবা সহজ করতে ই-বেইল বন্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। সংশ্লিষ্টরা বলছেন, এই সেবা চালু হলে বিচারপ্রার্থীদের সময় ও ভোগান্তি কমবে এবং বিচার প্রক্রিয়ায় গতি আসবে।
এরপর বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী এবং আনুষ্ঠানিকভাবে সিটির কার্যক্রম শুরুর ঘোষণা দেবেন। দীর্ঘদিনের প্রত্যাশিত এই উদ্যোগ বাস্তবায়িত হলে নগর ব্যবস্থাপনায় নতুন গতি আসবে বলে মনে করছেন স্থানীয়রা।
দিনের দ্বিতীয়ার্ধে গাবতলী উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এর মধ্যে রয়েছে খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম এবং হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন। এসব উদ্যোগ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তার পৈতৃক বাড়িতে যাবেন এবং পরে বিকেলে পুনরায় শহরে ফিরে আসবেন। বিকেল ৪টায় জেলা বিএনপির আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এ সমাবেশকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষে সকাল থেকেই বগুড়া শহরের বিভিন্ন প্রবেশপথে নেতাকর্মীরা জড়ো হন। ব্যানার ও ফেস্টুন নিয়ে তারা তাকে স্বাগত জানান এবং এক নজর দেখার জন্য ভিড় করেন। পুরো শহরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে, যা স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।






