বুধবার (২৯ এপ্রিল) ভারী বৃষ্টিপাতের পরপরই হাসপাতাল চত্বরের দেয়ালটি ভেঙে পড়ে। দেয়াল ধসের সময় সেখানে কয়েকজন রোগী ও স্বজন এবং ফুটপাতের পাশে থাকা দোকানিরা অবস্থান করছিলেন। মুহূর্তের মধ্যে তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।
কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন শিশু ও ফুটপাতের চারজন দোকানি রয়েছেন। এছাড়া আরও তিনজন গুরুতর আহত হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি এত দ্রুত ঘটে যে অনেকেই সরতে পারেননি। উদ্ধারকর্মীরা পরে ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের উদ্ধার করেন এবং জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া বার্তায় ঘটনাটিকে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, দেয়ালটির নির্মাণ ও রক্ষণাবেক্ষণ নিয়ে কোনো ত্রুটি ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে।








