Search
Close this search box.

দায়িত্ববোধ ও নেতৃত্ব বিকাশে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিশেষ সেশন

হাবিবা

ছবিঃ সংগৃহীত

শিক্ষার্থীদের নেতৃত্বগুণ বিকাশ, দায়িত্ববোধ জাগ্রত করা এবং বাস্তবমুখী চিন্তাধারায় উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে এক অনুপ্রেরণামূলক সেশন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে আয়োজিত এ আয়োজনটি অনুষ্ঠিত হয় ‘সিএসই লিডারশিপ কানেক্ট’ শীর্ষক নামে।

বুধবার (১৫ এপ্রিল) আয়োজিত এই সেশনে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেডের লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোহাম্মাদ কফিল উদ্দিন। তিনি শিক্ষার্থীদের সামনে ‘দায়িত্ব গ্রহণ কীভাবে নেতৃত্বের পথ গড়ে তোলে’ বিষয়টি নিয়ে আলোচনা করেন।

তার বক্তব্যে তিনি বলেন, নেতৃত্ব কোনো পদ বা অবস্থান নয়, বরং দায়িত্বশীলতা, উদ্যোগ গ্রহণ এবং চ্যালেঞ্জ মোকাবিলার মানসিকতার মাধ্যমে এটি গড়ে ওঠে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি জানান, স্বাচ্ছন্দ্যের সীমা অতিক্রম করে নতুন অভিজ্ঞতার মুখোমুখি হলে তবেই আত্মবিশ্বাস ও দক্ষতা তৈরি হয়।

অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়। প্রশ্নোত্তর পর্বে তারা বিভিন্ন বাস্তব সমস্যা ও পেশাগত প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন। এতে তারা একাডেমিক জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগের বিষয়ে স্পষ্ট ধারণা পান।

সেশনের সভাপতিত্ব করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন এবং সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. শহিদুল ইসলাম খান। তিনি বলেন, পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক দক্ষতা উন্নয়নে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিল্পখাতের অভিজ্ঞ পেশাজীবীদের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি সংযোগ তৈরি করতে ভবিষ্যতেও ‘সিএসই লিডারশিপ কানেক্ট’ ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।

অনুষ্ঠান শেষে অতিথিকে ধন্যবাদ জানিয়ে এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে সেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।


সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ