ভারতের উত্তর ২৪ পরগনা জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন কর্মকর্তা শিল্পা গৌরীসারিয়া স্বাক্ষরিত নির্দেশনায় জানানো হয়, আগামী ২৯ এপ্রিল ওই জেলার ৩৩টি বিধানসভা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা-২০২৩ অনুযায়ী ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ৩০ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত সীমান্ত এলাকায় মানুষ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণে রাখা হয়েছে।
এই সময় উত্তর ২৪ পরগনার সব আন্তর্জাতিক স্থল সীমান্ত ও প্রবেশ-প্রস্থান পথ কার্যত বন্ধ থাকবে।
তবে নির্দেশনায় বলা হয়েছে, জরুরি চিকিৎসার প্রয়োজনে মেডিকেল ভিসাধারী যাত্রীরা এবং ভোট দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে যাওয়া-বের হওয়া ভোটাররা সীমিতভাবে চলাচল করতে পারবেন। সাধারণ যাত্রীদের ক্ষেত্রে চলাচল কার্যত স্থগিত থাকবে।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক জানান, নির্বাচন উপলক্ষে বন্দর দিয়ে তিন দিনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও বৃহস্পতিবার থেকে পুনরায় স্বাভাবিকভাবে কার্যক্রম শুরু হবে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি শাখাওয়াত হোসেন বলেন, সাধারণ পাসপোর্ট যাত্রীদের চলাচল সীমিত থাকলেও বিশেষ পরিস্থিতিতে যাত্রা অনুমোদিত থাকবে। বৃহস্পতিবার সকাল থেকে পূর্ণাঙ্গভাবে স্বাভাবিক কার্যক্রম চালু হবে।
বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমস ও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক থাকবে। পচনশীল পণ্য এলে তা দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হবে।






