প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গেই পুরো হলজুড়ে চিৎকার শুরু হয়। অনেকে “নিচে বসুন, নিচে শুয়ে পড়ুন” বলে সতর্ক করেন। মুহূর্তের মধ্যেই অতিথিরা টেবিলের নিচে আশ্রয় নেন, কেউ কেউ মেঝেতে শুয়ে পড়েন। কয়েক সেকেন্ডের মধ্যেই উৎসবমুখর পরিবেশ আতঙ্ক ও বিশৃঙ্খলায় রূপ নেয়।
ঘটনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প মঞ্চের পেছনে অবস্থান করছিলেন। গুলির শব্দ শোনার পরপরই তারা নিচু হয়ে পড়েন। পরে সিক্রেট সার্ভিস সদস্যরা দ্রুত তাদের নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন। একইভাবে অন্যান্য উচ্চপদস্থ অতিথিদেরও দ্রুত নিরাপদে সরানো হয়।
মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের এক কর্মকর্তার বরাতে জানা যায়, এক সন্দেহভাজন ব্যক্তি একটি শটগান থেকে সিক্রেট সার্ভিসের এক সদস্যের দিকে গুলি চালায়। তবে ওই কর্মকর্তা সুরক্ষা ভেস্ট পরিহিত থাকায় কোনো ক্ষতি হয়নি। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে সন্দেহভাজনকে আটক করে।
ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা জানান, গুলির শব্দে ওয়েটারসহ উপস্থিত অনেকেই আতঙ্কে দৌড়ে বাইরে চলে যান। কয়েক মুহূর্তের জন্য পুরো আয়োজনের নিয়ন্ত্রণ ভেঙে পড়ে।
পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে অতিথিরা ধীরে ধীরে আবার টেবিলের নিচ থেকে বের হয়ে আসেন। নৈশভোজে এমন ঘটনা বিরল এবং উচ্চ নিরাপত্তার অনুষ্ঠানেও এটি বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন পর্যবেক্ষকরা।
ঘটনার প্রায় এক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি এবং উপস্থিত সবাই নিরাপদে আছেন। একই সঙ্গে তিনি নিশ্চিত করেন যে সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে।
সিক্রেট সার্ভিস জানিয়েছে, হোটেলের প্রবেশপথের তল্লাশি এলাকায় এ ঘটনা ঘটে এবং পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে।








