Search
Close this search box.

এসএসসি পরীক্ষা নিরাপদ, প্রশ্নফাঁসের শঙ্কা নেই—শিক্ষামন্ত্রী

হাবিবা

ছবিঃ সংগৃহীত

চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, সারাদেশে একযোগে শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এখন পর্যন্ত কোথাও প্রশ্নফাঁসের কোনো ঘটনা বা অভিযোগ পাওয়া যায়নি।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নফাঁস ঠেকাতে সরকার আগে থেকেই কঠোর সাইবার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সংশ্লিষ্টদের তথ্য সাইবার ক্রাইম ইউনিটের কাছে সংরক্ষিত রয়েছে, যাতে কোনো ধরনের অনিয়ম ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

তিনি আরও বলেন, সাইবার অপরাধ দমন সক্ষমতা দেশে রয়েছে এবং প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, কেন্দ্র পরিদর্শনের সময় তিনি সাধারণভাবে গোপনীয়তা বজায় রাখেন, যাতে আগেভাগে তথ্য ফাঁস হয়ে না যায়। তিনি বলেন, হঠাৎ পরিদর্শনের উদ্দেশ্য হলো বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং কোনো অনিয়ম থাকলে তা সরাসরি শনাক্ত করা।

ডিএমপি কমিশনারের অনুরোধের প্রসঙ্গ টেনে তিনি জানান, পরীক্ষার্থীদের সুবিধার্থে কেন্দ্রগুলো সকাল ৮টা থেকে খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের জন্য আগেভাগে প্রবেশের সুযোগ রাখা হয়েছে, যাতে তারা কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে।

তিনি আরও বলেন, যারা কিছুটা দেরিতে কেন্দ্র পৌঁছাচ্ছে তাদেরও সহযোগিতা করা হচ্ছে এবং পরীক্ষার্থীদের আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান তিনি।

শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন, চলমান এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং সরকারের সব ধরনের প্রস্তুতি এ বিষয়ে কার্যকরভাবে কাজ করছে।


সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ