মোসলেম উদ্দিন দীর্ঘ রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ১৯৮৬ সালের তৃতীয়, ১৯৯৬ সালের সপ্তম, ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে তিনি গণপরিষদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
পেশাগত জীবনে তিনি একজন আইনজীবী ছিলেন। পাশাপাশি তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তার দীর্ঘ সম্পৃক্ততা তাকে এলাকায় একজন প্রভাবশালী ও সম্মানিত ব্যক্তিত্বে পরিণত করেছিল।
তার ছেলে ও ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক সেলিম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বার্ধক্যজনিত অসুস্থতায় আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (৩ মে) সকালে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতিতে প্রথম জানাজা, দুপুরে ফুলবাড়িয়া সরকারি হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাজা এবং বিকেলে আলহাজ মো. মোসলেম উদ্দিন এতিমখানা মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে উপজেলার নিউগী কুশমাইল গ্রামে নিজ বাড়িতে দাফন করা হবে।
রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। তারা বলেন, মোসলেম উদ্দিনের মতো অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ রাজনীতিকের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।







