Search
Close this search box.

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

হাবিবা

ছবিঃ সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে আজ রবিবার ঢাকায় মন্ত্রণালয়ের অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় দু’দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার এবং গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি সুশৃঙ্খল ও নিয়মের আওতায় আনা অত্যন্ত জরুরি। এটি কোনো একক দেশের পক্ষে সম্ভব নয়; বরং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিষয়টি এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, তথ্য প্রবাহ ও গণমাধ্যমের উন্নয়নে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতা বাড়ানো গেলে উভয় দেশই উপকৃত হবে।

রাষ্ট্রদূত রামিস সেন বৈঠকে তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওর সঙ্গে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের মধ্যে সহযোগিতা বৃদ্ধির একটি প্রস্তাব মন্ত্রীর কাছে হস্তান্তর করেন। তিনি দ্বিপাক্ষিক মিডিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তথ্যমন্ত্রী সরকারি পর্যায়ে দুই দেশের সংবাদমাধ্যমগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এর আগে তুরস্ক সফরের সময় দুই দেশের মধ্যে আধুনিক তথ্য ব্যবস্থাপনা, জ্ঞান বিনিময় এবং তথ্য আদান-প্রদানের বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত হয় বলে বৈঠকে উল্লেখ করা হয়।

দুই পক্ষই আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে মিডিয়া ও সাংস্কৃতিক সহযোগিতা আরও শক্তিশালী হবে।


সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ