সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, মামলার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং বিচার উপযোগী হওয়ায় মামলাটি স্থানান্তর করা হয়েছে।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা, দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেন, যা আদালত মঞ্জুর করে।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ না করেই ইস্টার্ন হাউজিং লিমিটেড-এর গুলশান-২ এলাকার একটি ফ্ল্যাট দখল ও পরে রেজিস্ট্রি করেন।
এ ঘটনায় গত বছরের ১৫ এপ্রিল দুদক মামলা দায়ের করে। পরে তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর দণ্ডবিধির বিভিন্ন ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
উল্লেখ্য, এর আগে প্লট বরাদ্দে জালিয়াতির পৃথক তিন মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুই বছর করে মোট ছয় বছরের কারাদণ্ড দেয় আদালত।








