নিহতরা হলেন—সুলতান মাহমুদ (২৮), রিফা রেসা (২৪), নার্গিস আক্তার (৪২), তার ১২ বছর বয়সী ছেলে নিরব এবং দোলা বেগম (৪৫)। তারা সবাই আত্মীয়স্বজন এবং জীবিকার তাগিদে ঢাকায় গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করতেন বা কাজের সন্ধানে যাচ্ছিলেন।
ঘটনাটি ঘটে শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে। স্থানীয় সূত্রে জানা যায়, তারা একটি যাত্রীবাহী বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথে বাসটির জ্বালানি শেষ হয়ে গেলে ধলাটেংগর এলাকায় যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। অপেক্ষার সময় তারা পাশের রেললাইনে বসে ছিলেন।
এসময় হঠাৎ দ্রুতগতিতে একটি ট্রেন এসে পড়লে তারা কিছু বুঝে ওঠার আগেই দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই এক শিশু ও দুই নারীসহ পাঁচজন নিহত হন।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, নিহতরা সবাই দরিদ্র পরিবারের সদস্য ছিলেন। জীবিকার তাগিদেই তারা ঢাকার পথে ছিলেন। কিন্তু সেই পথই হয়ে উঠল তাদের শেষ যাত্রা।
একই গ্রামের পাঁচজনের এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোক। স্বজনদের আহাজারি আর প্রতিবেশীদের নীরব কান্নায় স্তব্ধ হয়ে আছে নিজপাড়া গ্রাম।








