বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ মার্চ থেকে দেশের ৯টি জেলার মোট ১৯টি জ্বালানি ডিপোতে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ১টি, কুড়িগ্রামে ২টি, রংপুরে ৩টি, রাজশাহীতে ৩টি, সিলেটে ২টি, মৌলভীবাজারে ৩টি, কুমিল্লায় ৩টি, ব্রাহ্মণবাড়িয়ায় ১টি এবং সুনামগঞ্জে ১টি ডিপো রয়েছে।
মোতায়েনকৃত বিজিবি সদস্যরা অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে একজন কর্মকর্তার নেতৃত্বে দায়িত্ব পালন করছেন। তারা নিয়মিত তদারকি, প্রশাসনিক সমন্বয় এবং নিরাপত্তা ব্যবস্থার কঠোর বাস্তবায়ন নিশ্চিত করছেন।
এছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অবৈধ জ্বালানি মজুদ, চোরাচালান ও নাশকতা প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত তথ্য আদান-প্রদানও নিশ্চিত করা হচ্ছে।
সীমান্ত এলাকাতেও জোরদার করা হয়েছে নজরদারি। জ্বালানি তেল পাচার ঠেকাতে অতিরিক্ত টহল, নৌ টহল, চেকপোস্ট স্থাপন এবং যানবাহনে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি আইসিপি ও এলসিপিগুলোতে আমদানি-রপ্তানিতে ব্যবহৃত ট্রাক-লরির ওপর বাড়তি নজরদারি রাখা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বিজিবির দৃশ্যমান উপস্থিতি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে আস্থা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








