Search
Close this search box.

জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারা জাতির জন্য হতাশাজনক হবে

হাবিবা

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, চলমান সংসদে জুলাই সনদ বাস্তবায়ন করা না গেলে তা জাতির জন্য অত্যন্ত হতাশাজনক হবে।

শুক্রবার (২৭ মার্চ) সকালে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টরাল সিস্টেমস (আইএফইএস) বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, একটি যুক্তরাজ্যভিত্তিক সংস্থার সঙ্গে বৈঠকে জাতীয় সংসদকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। বর্তমান সংসদকে তিনি জুলাই আন্দোলন-পরবর্তী একটি ভিন্নধর্মী সংসদ হিসেবে উল্লেখ করে বলেন, এই সংসদ নিয়ে দেশের মানুষের প্রত্যাশা আগের তুলনায় অনেক বেশি।

সাইফুল আলম খান মিলন বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জাতীয় সংসদই হবে দেশের সব গুরুত্বপূর্ণ আলোচনা ও সমস্যার সমাধানের কেন্দ্র। এ ক্ষেত্রে সরকারি দল ও বিরোধী দলের সমান গুরুত্ব রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সংসদে কার্যকর ভূমিকা রাখতে সরকারি ও বিরোধী দলের মধ্যে ভারসাম্য থাকা জরুরি। তবে বর্তমানে সরকারি দলের বড় সংখ্যাগরিষ্ঠতার কারণে অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ তাদের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। এ বাস্তবতায় সংসদের কার্যপ্রণালী বিধিতে (রুলস অব প্রসিডিউর) পরিবর্তনের প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি জানান, বৈঠকে তাদের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়েছে এবং আইএফইএসও সংসদকে আরও কার্যকর করার বিষয়ে কিছু সুপারিশ দিয়েছে। এসব নিয়ে একটি প্রতিবেদন তৈরি করা হবে।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সংসদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই সনদের বাস্তবায়ন। তবে শুরু থেকেই সরকার এ বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, সংস্কার পরিষদে জুলাই সনদের পক্ষে শপথ না নেওয়া এবং ভিন্ন প্রস্তাব আনার উদ্যোগ এ অবস্থানেরই প্রতিফলন।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ