Search
Close this search box.

পদ্মায় বাসডুবি: ৫৬ বছরের ব্যর্থতার ফল—পীর চরমোনাই

হাবিবা

ছবিঃ সংগৃহীত

পদ্মা নদীতে বাসডুবিসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রতিক দুর্ঘটনাগুলোকে গত ৫৬ বছরের যোগাযোগ ব্যবস্থার ব্যর্থতার “সমন্বিত পরিণতি” হিসেবে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে দৌলতদিয়া ঘাটে সংঘটিত বাসডুবিসহ ঈদকে ঘিরে বিভিন্ন দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

পীর সাহেব চরমোনাই বলেন, “আজ ৫৬তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। কিন্তু আধুনিক বিশ্বে এত দুর্ঘটনা আর কোথাও ঘটে না।” তিনি আরও বলেন, স্বাধীনতার পর গত ৫৫ বছরে যারা দেশ পরিচালনা করেছেন, তাদের সবাইকেই এই পরিস্থিতির দায় নিতে হবে।

যোগাযোগ খাতে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির সমালোচনা করে তিনি বলেন, এই খাত সব সময়ই বড় বাজেট পেয়েছে, কিন্তু দুর্নীতির কারণে তা কার্যকর উন্নয়নে রূপ নেয়নি। ফলে দেশের সড়ক ও নৌপথ আজ ঝুঁকিপূর্ণ এবং প্রাণঘাতী হয়ে উঠেছে।

নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণপরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এবং সিন্ডিকেট সংস্কৃতি বন্ধ করতে হবে। যানবাহনের ফিটনেস, চালকের লাইসেন্স এবং সার্বিক ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মান অনুসরণের ওপর জোর দেন তিনি।

তিনি কঠোর ভাষায় বলেন, “এসব দুর্ঘটনা আসলে দুর্ঘটনা নয়, এগুলো পদ্ধতিগত গণহত্যার শামিল।”

বৈঠকে দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, আলহাজ গিয়াসউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, আলহাজ আমিনুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, জিএম রুহুল আমীন এবং মুফতি মানসুর আহমেদ সাকিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ