Search
Close this search box.

ইরান-ইসরাইল যুদ্ধের ১৭তম দিন: হরমুজ প্রণালি নিয়ে মার্কিন কৌশলকে খাজা আসিফের কটাক্ষ

অহনা

ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক আগ্রাসন আজ ১৭তম দিনে গড়িয়েছে। দীর্ঘ দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা এই যুদ্ধের লক্ষ্যবস্তুতে এখন বড় ধরণের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ওয়াশিংটন ও তেল আবিবের প্রাথমিক লক্ষ্য তেহরানের শাসনব্যবস্থা পরিবর্তন থাকলেও, বর্তমানে তাদের প্রধান টার্গেট হয়ে দাঁড়িয়েছে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর ‘হরমুজ প্রণালি’ উন্মুক্ত করা।

আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান এই কৌশলগত সমুদ্রপথটি বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া বিদ্রুপ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের যুদ্ধকৌশল নিয়ে উপহাস করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দিয়েছেন। বর্তমানে ইসলামাবাদ মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখার চেষ্টা করলেও আসিফের এই মন্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে।

 খাজা আসিফ লিখেছেন, “যুদ্ধের লক্ষ্য এখন হরমুজ প্রণালি উন্মুক্ত করার দিকে সরে গেছে বলে মনে হচ্ছে, যা যুদ্ধের আগে থেকেই উন্মুক্ত ছিল।”

তিনি বোঝাতে চেয়েছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল নিজেরাই যুদ্ধ বাঁধিয়ে একটি সচল জলপথকে অচল করেছে, আর এখন সেই পথ উদ্ধার করাকেই বড় সাফল্য হিসেবে দেখানোর চেষ্টা করছে।

গুরুত্বপূর্ণ এই পানিপথটি উন্মুক্ত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোর কাছে সামরিক ও কৌশলগত সাহায্য চেয়েছিলেন।

 অধিকাংশ মিত্র দেশ এই সরাসরি সংঘাতে জড়াতে অস্বীকৃতি জানিয়ে ট্রাম্পকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে।

 পশ্চিমা সামরিক জোট ন্যাটোর কাছে সহায়তা চেয়েও আশানুরূপ সাড়া পাননি ট্রাম্প। ফলে হরমুজ প্রণালি নিয়ে ওয়াশিংটন বর্তমানে বেশ চাপে রয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ