Search
Close this search box.

খুলনায় প্রকাশ্য দিবালোকে ছাত্রদলের সাবেক নেতা রাশুকে গুলি করে হত্যা

অহনা

খুলনা মহানগরীর দৌলতপুর এলাকায় ছাত্রদলের সাবেক নেতা রাশিকুল আনাম রাশুকে (৩৫) প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুরস্থ কেডিএ কল্পতরু মার্কেটে তাঁর নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

কেএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত রাশু দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় রাশু কল্পতরু মার্কেটে তাঁর ইট, বালি ও সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা রাশুকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। হত্যার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে নিহতের স্বজন, বন্ধু-বান্ধব এবং দলীয় নেতাকর্মীরা ভিড় করেন। এ সময় স্বজনদের আহাজারিতে হাসপাতাল এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

পুলিশ জানিয়েছে, এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ভিত্তিতে খুনিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। তবে এই হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক কোন্দল নাকি ব্যবসায়িক শত্রুতা কাজ করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ