সংবাদ সম্মেলনে সালমান আগা জানান, “আমি নিশ্চিত যে আমি ভালো কিছু বলিনি, আর লিটনও (দাস) ভালো কিছু বলছিল না। তবে এসবই ছিল মুহূর্তের উত্তেজনার ফল। আমরা এখন শান্ত আছি। মাঠের ওই পরিস্থিতিটা ছিল হিট অব দ্য মোমেন্ট। আমি এখন আর মনে করতে পারছি না আমি কী বলেছিলাম বা সে কী বলেছিল।”
ঘটনাটি পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে ঘটে। মিরাজের বলে মোহাম্মদ রিজওয়ান বলটি ড্রাইভ করেন, যা মিরাজের পায়ে লেগে দিক পরিবর্তন করে। নন-স্ট্রাইকার প্রান্তে থাকা সালমান আগা বলটি ‘ডেড’ মনে করে কুড়িয়ে মিরাজকে ফেরত দিতে গেলে তিনি ক্রিজের বাইরে অবস্থান করছিলেন। মিরাজ দ্রুত বলটি তুলে স্টাম্প ভেঙে আউট ঘোষণা পান। এরপর আগা মাঠ ছাড়ার সময় হেলমেট ও গ্লাভস ছুঁড়ে বিরক্তি প্রকাশ করেন এবং উইকেটরক্ষক লিটন দাসের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
নিজের প্রতিক্রিয়ার জন্য কিছুটা অনুশোচনাও প্রকাশ করেছেন আগা। তিনি বলেন, “ক্রিকেটে খেলার চেতনা বা স্পোর্টসম্যান স্পিরিট খুব জরুরি। নিয়ম অনুযায়ী মিরাজ যা করেছে তা বৈধ, কিন্তু আমার জায়গা থেকে দেখলে আমি এমনটা করতাম না। আমরা অতীতে এমনটা কখনো করিনি, ভবিষ্যতেও করব না।”
মিরাজের সঙ্গে আপস হয়েছে কি না জানতে চাইলে আগা রসিকতা করে বলেন, “এখনো হয়নি, তবে চিন্তা করবেন না, আমি তাকে খুঁজে বের করব।”
উল্লেখ্য, বিতর্কিত আউটের ম্যাচে পাকিস্তান ডিএলএস পদ্ধতিতে ১২৮ রানের বড় ব্যবধানে জয়লাভ করে এবং তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়ে আনে।








