Search
Close this search box.

উত্তর ইসরায়েলের গালিলি অঞ্চলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা

স্বপ্নিল

ছবিঃ সংগৃহীত

উত্তর ইসরায়েলের গালিলি অঞ্চলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবার ভোর ৪টা ২২ মিনিটে (০২:২২ জিএমটি) এ হামলার সতর্কতা জারি করা হয়।

ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানায়, উত্তরাঞ্চলের গালিলি এলাকায় অবস্থিত কফার গিলাদি, কফার ইউভাল এবং মেতুলা শহরের আশপাশে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া গেছে। হামলার আশঙ্কায় ওইসব এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কেএএন (KAN) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে জানায়, শুক্রবার সকালে ‘আপার গালিলি’ এলাকায় হওয়া একটি হামলায় কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পোস্টে ক্ষতিগ্রস্ত কিছু গাড়ির ছবিও প্রকাশ করা হয়েছে।

তবে হামলায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। এ ঘটনার জন্য এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি।

সম্প্রতি লেবানন সীমান্তসংলগ্ন উত্তর ইসরায়েল অঞ্চলে উত্তেজনা বেড়ে যাওয়ার পর থেকেই মাঝেমধ্যে রকেট হামলার সতর্কতা জারি করা হচ্ছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সীমান্তবর্তী এলাকায় বাসিন্দাদের সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দিচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ