Search
Close this search box.

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করা হবে: পানিসম্পদ মন্ত্রী

হাবিবা

ছবিঃ সংগৃহীত

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি জানিয়েছেন, দেশে গত ১৭ বছরে নির্বাচিত সরকার ছিল না। সেই সময়ে জমে থাকা ১৭ বছরের জঞ্জাল ও আবর্জনা পরিষ্কার করার দায়িত্ব বর্তমান সরকারের ওপর এসেছে।

শুক্রবার (১৩ মার্চ) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী খাল, ওয়াপদা খাল, আমিনবাজার, জকসিন খাল ও মান্দারী খাল পরিদর্শনকালে এ কথা বলেন তিনি। এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক।

তিনি বলেন, নির্বাচিত সরকার হিসেবে আমরা তারেক রহমানের নেতৃত্বে সব কাজ সব ডিপার্টমেন্টের সঙ্গে সমন্বয় করে চালাব। জনগণের সুবিধা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। অতীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন, যা সেচ সুবিধা ও মাছের চাষ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এ্যানি চৌধুরী আরও জানিয়েছেন, ১৬ মার্চ দিনাজপুরের কাহারুল উপজেলায় সাহাপাড়া খাল খনন কর্মসূচি প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন। এ কর্মসূচি দেশের বিভিন্ন এলাকায় চলবে। খালে জমে থাকা ময়লা ও দখলদার স্থানের অবৈধ ব্যবহার রোধ না করলে খাল খননের সুফল পাওয়া যাবে না। তাই খাল খনন ও পরিষ্কারের পাশাপাশি জনগণকে সচেতন হতে হবে।

পরিদর্শনকালে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ জামান খান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেলাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন ও জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ