Search
Close this search box.

ইরান সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করল ইরাক: সতর্ক অবস্থানে বাগদাদ

অহনা

মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় পূর্ব সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ইরাক। একই সঙ্গে সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

ইরাক ও ইরানের মধ্যকার দীর্ঘ সীমান্তের একটি বড় অংশ পাহাড়ি এলাকা, যা মূলত ইরানি কুর্দি গোষ্ঠীগুলো যাতায়াতের পথ হিসেবে ব্যবহার করে। বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে এই সীমান্ত অঞ্চলকে সুরক্ষিত রাখতে বাগদাদ এই কঠোর পদক্ষেপ নিয়েছে।

 বাগদাদ চায় না কোনো ইরানবিরোধী গোষ্ঠী ইরাকের মাটি ব্যবহার করে ইরানের ওপর হামলা চালাক, যা ইরাককে সরাসরি যুদ্ধের মুখে ঠেলে দিতে পারে।

 ২০২৩ সালে ইরানের সঙ্গে করা দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে চায় ইরাক। ওই চুক্তিতে ইরাকের উত্তরাঞ্চলে সক্রিয় ইরানি কুর্দি বিদ্রোহী গোষ্ঠীগুলোর তৎপরতা দমনের অঙ্গীকার ছিল।

অভিযোগ রয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ওই অঞ্চলের কিছু কুর্দি গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে। এই পরিস্থিতিতে কোনো গোষ্ঠী যেন তৃতীয় পক্ষের হয়ে উসকানি দিতে না পারে, তা নিশ্চিত করাই ইরাকের লক্ষ্য।

ইতোমধ্যেই ইরানের পক্ষ থেকে ইরাকের উত্তরাঞ্চলের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর খবর পাওয়া গেছে। ইরান দাবি করেছে, এসব স্থানে তাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী গোষ্ঠীগুলোর আস্তানা ছিল। এই উত্তেজনাকর পরিস্থিতিতে নতুন কোনো সংঘাত বা সীমান্ত লঙ্ঘন ঠেকাতে ইরাক সরকার বর্ডার গার্ড ফোর্সের সংখ্যা কয়েক গুণ বাড়িয়েছে।

আঞ্চলিক বিশ্লেষকদের মতে, ইরাক নিজেকে নিরপেক্ষ রাখার চেষ্টা করলেও প্রতিবেশী ইরানের ওপর কোনো বড় ধরনের হামলা হলে বাগদাদ সরাসরি সংকটের মুখে পড়বে। তাই সীমান্ত সুরক্ষিত রাখা এখন তাদের জন্য টিকে থাকার লড়াই।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ