Search
Close this search box.

প্রতিশ্রুতি পূরণ করছি, ঘরে ঘরে যাবে ফ্যামিলি কার্ড: মির্জা ফখরুল

অহনা

স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের স্বল্প সময়ের মধ্যেই ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ইউআই আলিম মাদ্রাসা প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা আমাদের কথা রেখেছি। সরকার গঠনের মাত্র ২২ দিনের মাথায় আমরা কার্ড বিতরণ শুরু করেছি। প্রাথমিক পর্যায়ে কাজ শুরু হলেও পর্যায়ক্রমে প্রত্যেক ঘরে ঘরে এই কার্ড পৌঁছে যাবে। এই কার্ড নারীদের জন্য একটি শক্তি ও ক্ষমতা হিসেবে কাজ করবে, যা সমাজে ও পরিবারে তাদের গুরুত্ব বৃদ্ধি করবে।” এ সময় তিনি ঠাকুরগাঁও এলাকাকে এই কর্মসূচির জন্য বেছে নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 ইতোমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। আগামী ১৬ তারিখ থেকে দেশব্যাপী খাল-খনন কর্মসূচি শুরু হবে, যার মাধ্যমে বর্ষার পানি সংরক্ষণ করে খরা মৌসুমে সেচকাজে ব্যবহার করা যাবে।

 প্রত্যেক কৃষককে ‘কৃষি কার্ড’ দেওয়া হবে, যার মাধ্যমে তারা ন্যায্যমূল্যে সার, বীজ ও সেচ সুবিধা পাবেন।

২০২৭ সালে ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি শুরু হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর প্রকল্পের কাজ দ্রুত শুরু করার পাশাপাশি বেকারদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

বিগত সরকারের সমালোচনা করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “গত ১৫ বছর দেশে কোনো আইন-কানুন ছিল না। টাকা ছাড়া কোনো কার্ড পাওয়া যেত না। কিন্তু এবার কোনো টাকা ছাড়াই কার্ড বিতরণ করা হচ্ছে।” তিনি মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণের ঋণ তিনি সেবা ও উন্নয়নের মাধ্যমে শোধ করতে চান।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ