Search
Close this search box.

ট্রাম্পের দ্রুত যুদ্ধ শেষের দাবি ওড়ালো ইরান: ‘যতদিন প্রয়োজন হামলা চলবে’

অহনা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা ‘খুব শীঘ্রই যুদ্ধ শেষ হবে’—এমন মন্তব্যকে সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। মঙ্গলবার (১০ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম পিবিএস নিউজকে (PBS News) দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সাফ জানিয়ে দিয়েছেন, প্রয়োজন হলে তারা দীর্ঘ সময় ধরে লড়াই চালিয়ে যেতে প্রস্তুত এবং এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই।

সাক্ষাৎকারে আরাগচি বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার তিক্ত অভিজ্ঞতা আমাদের রয়েছে। তাই আলোচনার বিষয়টি এখন আর আমাদের এজেন্ডায় নেই। ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত।” এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান ও ইসরায়েলের মধ্যকার এই যুদ্ধ ‘অত্যন্ত দ্রুত’ শেষ হয়ে যাবে। ট্রাম্পের এমন বক্তব্যের কয়েক ঘণ্টার ব্যবধানেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের কঠোর অবস্থানের কথা জানান।

 ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান উভয়েই ইঙ্গিত দিয়েছেন যে, প্রয়োজন হলে তারা ইসরায়েল ও ওই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখবেন।

 ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (IRGC) এর আগে হুমকি দিয়েছে যে, হামলা চলতে থাকলে তারা মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে এক ফোঁটা তেলও রপ্তানি করতে দেবে না।

 ইরান মনে করে, যখন আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল, ঠিক তখনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের ওপর হামলা চালিয়েছে। ফলে বর্তমানে কূটনীতির কোনো ভাষা অবশিষ্ট নেই বলে তারা দাবি করছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাত বর্তমানে দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় উত্তাল হয়ে আছে পুরো মধ্যপ্রাচ্য। একদিকে ট্রাম্প যখন যুদ্ধ শেষের আশ্বাস দিচ্ছেন, অন্যদিকে তেহরান তাদের সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে, যা বৈশ্বিক ভূ-রাজনীতিতে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ